Opi Karim at Egypt.

মিসরে হয়ে গেল কায়রো ইন্টারন্যাশনাল ফেস্টিভাল ফর এক্সপেরিমেন্টাল থিয়েটার। উত্সবে অংশ নিয়েছিল নাগরিক নাট্যসম্প্রদায়। তারা সেখানে মঞ্চস্থ করে রক্তকরবী। নাটকে নন্দিনী চরিত্রে অভিনয়ের জন্য মিসরে গিয়েছিলেন অপি করিম। কথা হয় তাঁর সঙ্গে।
প্রথমবার গেলেন মিসরে?
মিসর ছিল আমার কাছে স্বপ্নের মতোই। যখন বুয়েটে পড়াশোনা করি, তখন প্রথম বর্ষেই পিরামিড নিয়ে পড়াশোনা করেছি। বইয়ের পাতায় যা পড়েছি, তা নিজ চোখে দেখা অনেক আনন্দের।
যাওয়ার বর্ণনা শুনতে চাই।
যখন মিসরের আকাশে আমরা উড়ছি, তখন ওপর থেকে পুরো মিসরকে ধূসর দেখাচ্ছিল। বাড়িঘরগুলোও ধূসর বর্ণের। বেশ উত্তেজনা নিয়েই কায়রোতে নামলাম। ওই দিনই উত্সবের উদ্বোধন। সেখানে গেলাম। মুগ্ধ হয়ে দেখলাম কোরিওগ্রাফি আর আলোর খেলা কাকে বলে। দারুণ ছিল মুহূর্তটি।
উত্সবে কয়টি দেশ অংশ নিয়েছিল?
৩৭টি দেশ উত্সবে অংশ নিয়ে প্রায় ৪৮টি নাটক মঞ্চস্থ করে। সারা দুনিয়ার বড় বড় নাট্যদলের কাজ দেখলাম। তাদের কথা শুনলাম। ১৭ ও ১৮ অক্টোবর ছিল রক্তকরবীর প্রদর্শনী। প্রবাসীরা হুমড়ি খেয়ে পড়ল নাটক দেখার জন্য। করতালি দিয়েই নাটক শেষ হলো। বুঝলাম, সবার পছন্দ হয়েছে। ভারতীয় হাইকমিশনার আমাদের নাটকের দারুণ প্রশংসা করলেন।
এরপর কী করলেন?
এরপর তো ঘোরাঘুরির পালা। আমার বড় বোন মিসরেই থাকে। ফলে আমার জন্য আরও সুবিধা হলো। প্রথমেই পিরামিডের কাছে গেলাম। পিরামিডের ওপরে উঠে একেকটা পাথর স্পর্শ করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে বইয়ের পাতায় তো এগুলোর কথাই পড়েছি! গা ছমছম করে উঠত। ভেতরে মমি নেই। সেগুলো জাদুঘরে নিয়ে যাওয়া হয়েছে। এরপর গেলাম বিখ্যাত সেই আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে। চমকিত না হয়ে কোনো উপায় আছে? এত বড় লাইব্রেরি। আসলে এটা না দেখলে বোঝারই উপায় নেই যে এর মধ্যে কী আছে। দেখলাম নীল নদ। ছোটবেলায় নীল নদ নিয়ে পড়াশোনা করেছি, আর সেই নীল নদ যে কত সুন্দর...! দেখেছি সুয়েজ খাল। দেখলাম রেড সি, প্রশান্ত মহাসাগর।
যতটুকু দেখেছেন তাতে কেমন লেগেছে?
এখানে নিম্ন আয়ের মানুষ রুটি খেয়ে জীবন ধারণ করে। কায়রোর চারদিকে নদী আর সাগর, তাই মিঠাপানির এবং সামুদ্রিক নানা মাছ পাওয়া যায়। এগুলো খেতেও বেশ সুস্বাদু। আর মিসরের মসজিদগুলো দেখার মতো। এত সুন্দর মসজিদ আমি আগে কোথাও দেখিনি। সবশেষে বলব, দিনের কায়রোর চেয়ে রাতের কায়রো অনেক বেশিসুন্দর। এখানে বলা হয়, কায়রো নাকি ঘুমায় না। আসলেই কথাটা সত্যি। দিনের বেলায় এখানে মানুষের আনাগোনা রাতের চেয়ে অনেক কম থাকে।
দেশে ফিরলেন কবে?
২১ তারিখ। এসেই আবার কাজ নিয়ে ব্যস্ত হতে হয়েছে। এরই মধ্যে বোরকা নামে সাগর জাহানের একটি নাটকে কাজ করলাম। সামনে অনিমেষ আইচ, আরিফ খান ও রেদোয়ান রনির কাজ করব।
সূত্রঃ প্রথম আলো।


0 comments
Trackback URL | Comments RSS Feed