ঘেটুপুত্র কমলা - হুমায়ূন আহমেদ


‘ঘেটুপুত্র কমলাই হবে আমার শেষ ছবি।’ নতুন ছবির মহরত অনুষ্ঠানে এভাবেই নিজের ইচ্ছার কথা জানালেন হুমায়ূন আহমেদ। গতকাল শনিবার দুপুরে চ্যানেল আইয়ের কার্যালয়ে ঘেটুপুত্র কমলা ছবির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, আবুল খায়ের গ্রুপের পরিচালক (ব্র্যান্ড) নওশাদ করিম, ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির শিল্পী ও কলাকুশলীরা।
অনুষ্ঠানে হুমায়ূন আহমেদকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন আমন্ত্রিত অতিথিরা। হুমায়ূন আহমেদ বলেন, ‘লিখে আমি অন্য রকম এক মজা পাই। শুরুর দিকে ছবি তৈরি করেও এক ধরনের আনন্দ পেতাম। কিন্তু এখন আর তা পাচ্ছি না। এ কারণেই ছবি তৈরি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তবে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ অক্টোবর থেকে শুরু হবে ঘেটুপুত্র কমলা ছবির শুটিং।
অনেক দিন আগে ‘একজন সৌখিনদার মানুষ’ শিরোনামে একটি গল্প লিখেছিলেন হুমায়ূন আহমেদ। এবার সেই গল্পটিকেই চলচ্চিত্রে রূপ দিচ্ছেন। তিনি জানালেন, প্রায় দেড় শ বছর আগে হবিগঞ্জ জেলার জলসুখা গ্রামের এক বৈষ্ণব আখড়ায় ‘ঘেটুগান’ নামে নতুন এক সংগীতের ধারার প্রচলন হয়েছিল। মেয়ের পোশাক পরা কিছু রূপবান কিশোর নাচ-গান করত। এদেরই নাম ঘেটু। গান হতো প্রচলিত সুরে, তাতে উচ্চাঙ্গসংগীতের প্রভাব ছিল স্পষ্ট। অতি জনপ্রিয় এই গানে একসময় অশ্লীলতা ঢুকে পড়ে। এখন আর এই গান শোনা যায় না। এবার এই ঘেটুগান ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গল্প নিয়ে তিনি তৈরি করছেন চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা।

Filed Under: , ,

About Us

We thrive to bring you the best quality bangla natoks, bangla movies, bangla musics, bangla dramaserials and many other bangla entertainments. Be sure to watch other video content by joining our forum at Boishakh.com ,go to Boishakh.com.

Leave a Reply