নাসরীন জাহানের তিনটি উপন্যাস নিয়ে ধারাবাহিক

নাসরীন জাহানের উড়ে যায় নিশিপদ্ম উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি শঙ্খনাদ। এরপর তাঁর আরও দুটি উপন্যাস নিয়ে তৈরি হয় ধারাবাহিক—যখন চারপাশের বাতিগুলো নিভে আসছে অবলম্বনে রংছুট আর সোনালী মুখোশ অবলম্বনে দূরের বাতিঘর। তাঁর কয়েকটি ছোটগল্প অবলম্বনেও তৈরি হয়েছে এক ঘণ্টার নাটক। এবার একসঙ্গে নাসরীন জাহানের তিনটি উপন্যাস নিয়ে ধারাবাহিক নাটক তৈরি হচ্ছে। জানা গেছে, চ্যানেল আইয়ের জন্য কুয়াশার ফণা নিয়ে ধারাবাহিক তৈরি করছেন রওশন আরা নীপা, এনটিভির জন্য ঈশ্বরের বামহাত নিয়ে সুমন আনোয়ার আর সামান্থা নিয়ে শহীদুজ্জামান সেলিম। তৃতীয়টি দেশ টিভিতে যাওয়ার সম্ভাবনা আছে। এরই মধ্যে নাটকগুলোর কাজ শুরু হয়েছে।
নাসরীন জাহান বললেন, ‘এই তিনটি ধারাবাহিকের ব্যাপারে বিভিন্ন সময় চ্যানেল কর্তৃপক্ষ ও নির্মাতাদের সঙ্গে আলোচনা হয়। কিন্তু নাটকগুলোর কাজ শুরু হয়েছে কাছাকাছি সময়ে। যতদূর শুনেছি, এগুলোর প্রচারও নাকি শুরু হবে প্রায় একই সঙ্গে। তবে আরেকটি কথা বলা দরকার, কোনোটির নাট্যরূপই কিন্তু আমি দিইনি।’
উপন্যাস তিনটির ভাবনা প্রসঙ্গে তিনি জানান, এক নিঃসন্তান দম্পতির দৈনন্দিন জীবনের টানাপোড়েন নিয়ে কুয়াশার ফণা, সামান্থা টিনেজ ছেলেমেয়েদের গল্প আর ঈশ্বরের বামহাত উপন্যাস মফস্বল থেকে পোড় খেয়ে শহরে আসা একটি মেয়েকে নিয়ে। সে একসময় বয়স্ক একজন লেখককে বিয়ে করে এবং নিজের জন্য বেছে নেয় বদ্ধঘর।
আরও জানালেন, এখন লেখালেখি থেকে একটু দূরে আছেন তিনি। আগামী একুশের বইমেলায় তাঁর নতুন কোনো বই বের হওয়ার সম্ভাবনা নেই। এই সময়টায় তিনি ছবি দেখছেন, গান শুনছেন আর দেশে ও দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন।
নাসরীন বললেন, ‘নাটকের কারণে আমি সাহিত্য থেকে দূরে সরে গেছি—এটা ভাবা কিন্তু ঠিক হবে না। নতুন কিছু লেখার জন্য নিজেকে প্রস্তুত করছি। এরপর নিজের আত্মজীবনী লেখার ইচ্ছা আছে।’












